নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বাজার-বদলগাছী সড়কের পাশে গাছে ভারতীয় পতাকার আদলে রং করার অভিযোগে রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাস্তার পাশের গাছগুলোতে কমলা, সাদা ও সবুজ রং করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সমালোচনার ঝড় ওঠে।
এলাকাবাসীর দাবি, বাংলাদেশের অভ্যন্তরে অন্য একটি দেশের জাতীয় পতাকার আদলে রং করা অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়। বিশেষ করে একজন জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এমন কর্মকাণ্ড কাম্য নয় বলেও মন্তব্য করেন তারা।
সমালোচনার মুখে পরে গাছগুলোতে নতুন করে লাল রং করে আগের রং ঢেকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “আমি ঢাকা থেকে এসে আপনার সঙ্গে দেখা করবো।”
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ তিনি না বুঝেই কাজটি করেছেন বলে জানিয়েছেন। নিজে থেকেই রং মুছে ফেলবে বলে আশ্বাস দিয়েছেন। এবিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।”
এদিকে ঘটনাটি নিয়ে মহাদেবপুরসহ জেলার বিভিন্ন এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের একাংশ চেয়ারম্যান আরিফুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নওগাঁ প্রতিনিধি :
