এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে পুকুর খনন ও মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকভবানী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে ভেকু মেশিনের মাধ্যমে পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত মো. হান্নান (৩২)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের ধারাবাহিক তৎপরতা কামনা করেছেন।