গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘English Teachers’ Forum’। শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার মানোন্নয়ন, ভাষাভীতি দূরীকরণ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলার ক্ষণিকা সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি এবং হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকরা।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান ইংরেজিভীতি দূর করা, শ্রেণিকক্ষে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি এবং অনর্গল ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, “ইংরেজি কেবল পরীক্ষার জন্য মুখস্থ করার বিষয় নয়; এটি বিশ্বব্যাপী যোগাযোগ, জ্ঞান ও সম্ভাবনার অন্যতম প্রধান মাধ্যম। তাই শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে এনে বাস্তব জীবনে ভাষার কার্যকর ব্যবহার শেখাতে হবে।”
তারা আরও বলেন, এ ফোরামের মাধ্যমে উপজেলার ইংরেজি শিক্ষকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, আধুনিক শিক্ষণ কৌশল প্রয়োগ এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে। সম্মিলিত প্রচেষ্টায় শ্রীপুরের শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উদ্বোধনী আয়োজনটি ছিল স্বপ্ন, প্রত্যয় ও দায়িত্ববোধের এক অনন্য মিলনমেলা। সংশ্লিষ্টদের বিশ্বাস, শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ শিক্ষকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ শ্রীপুরের শিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর হয়ে আত্মবিশ্বাসী আগামী প্রজন্ম গড়ে উঠবে—এ প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি :
