মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে বালুভর্তি ট্রাক রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজারহাটে বালুভর্তি ট্রাক রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজারহাটে বালুভর্তি ট্রাক রেললাইনে উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। আকস্মিক এ ঘটনায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে ঢাকাগামী যাত্রীদের অনেকেই বিকল্প উপায়ে তিস্তা রেলওয়ে স্টেশনে যাওয়ার চেষ্টা করেন। কেউ অটোরিকশায়, কেউ বাসে অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, “সকালে যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আমার মতো শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। কিন্তু রেললাইন অবরুদ্ধ থাকায় ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। একই কারণে রমনা কমিউটার ট্রেনের চলাচলও ব্যাহত হয়েছে।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”

রেলওয়ে সূত্র জানায়, ট্রাকটি অপসারণের পর রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। তবে দুর্ঘটনার কারণে যাত্রীদের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ