দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী জোজোকে। হিপ জয়েন্টের জটিল চোট নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারের এক মাস পূর্ণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই শিল্পী।
পোস্টে জোজো জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তীব্র ব্যথা নিয়েও কাজ চালিয়ে যেতে হয়েছে তাকে। এমনকি লাঠির সাহায্যে শুটিং করা থেকে শুরু করে চোট নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ওষুধ ও ইনজেকশনের ওপর নির্ভর করে আর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়েছে।
অস্ত্রোপচারের সময়ের কিছু ছবি শেয়ার করে জোজো লিখেছেন, ‘শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য আমাকে ব্যথা কমানোর ওষুধের ওপর নির্ভর করে থাকতে হচ্ছিল। এই সুযোগে আমি সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা মানসিক ও শারীরিকভাবে আমার পাশে ছিলেন।’
তিনি চিকিৎসক, হাসপাতালের কর্মী, ফিজিওথেরাপিস্ট এবং সেবাকর্মীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। জোজোর ভাষায়, তাদের আন্তরিক যত্ন ও সহযোগিতা কঠিন সময়টিকে অনেকটা সহজ করে দিয়েছে।
