দেশকে ঘিরে এখনো নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
তিনি বলেন, “এখনো রক্তের দাগ শুকায়নি। অথচ ফ্যাসিবাদী চক্র তাদের অপকর্মের উপলব্ধি না করে পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।”
শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্য এবং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছে, ভবিষ্যতেও একইভাবে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা রুখে দেওয়া হবে।
তিনি আরও বলেন, “স্বাধীনতার বিরোধিতাকারী এবং গণহত্যার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো এখন বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে, বিএনপির শেকড় এ দেশের জনগণের মধ্যে প্রোথিত। জনগণের হৃদয়ে বিএনপির অবস্থান থাকায় জনবিচ্ছিন্ন কোনো শক্তির পক্ষে জনগণের দলকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়।”
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধেই বারবার দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে এবং এখনো হচ্ছে, কারণ বিএনপি জনগণের পক্ষে কথা বলে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার নানা প্রচেষ্টা অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনগণেরই বিজয় হয় এবং জাতীয়তাবাদী শক্তিরও বিজয় হবে।
রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে নজিরবিহীন জুলুম-নির্যাতন চালানো হয়েছে। এর সবচেয়ে বড় শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরাও দীর্ঘ সময় ধরে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর মামলা, হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও তারা দলের আদর্শ ও রাজনীতিকে ধরে রেখেছেন।
দলের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টার কথাও উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা একটি পরিবারের সদস্য। তাই সবাইকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।” তিনি দেশ ও দলবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ আব্দুল্লাহ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
