গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক ছাড়াই নার্সকে দিয়ে প্রসূতির সন্তান ভূমিষ্ঠের চেষ্টা করায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) রাতে নবজাতকের মরদেহ নিয়ে থানায় যান শিশুটির মা–বাবা ও স্বজনরা।শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল রাজি হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত নবজাতক গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের নাজমুল ইসলাম ও শারমিন আক্তার দম্পতির সন্তান।নাজমুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রীকে সিজারিয়ান অপারেশনের জন্য আল রাজি হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১৩ হাজার টাকায় চুক্তি হয়। কিন্তু তারা সিজার না করে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করতে থাকে।’
তিনি অভিযোগ করেন, ‘হাসপাতালে কোনো চিকিৎসকই ছিলেন না। কল্পনা নামে এক নার্স ডেলিভারির কাজ করেন। তার ভুল চিকিৎসার কারণেই আমার নবজাতক মারা গেছে। প্রতিবাদ করায় কর্তৃপক্ষ উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।’
প্রসূতি শারমিন আক্তার বলেন, ‘আমাকে কয়েকটি ইনজেকশন দেয়ার পর কয়েকজন নার্স অনেক কষ্ট দেয়। শেষে জরায়ুর মুখ কেটে বাচ্চা বের করে আনে। তখনই বুঝতে পারি বাচ্চা বাঁচেনি।’
