অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করার পর উদযাপন করছেন লিওনেল মেসিসহ তার সতীর্থরা। টিভি পর্দায় এ দৃশ্যই প্রদর্শিত হচ্ছে। আর এ মুহূর্তে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন অভিনেত্রী দীপা খন্দকার। কেবল তিনি একা নন, পাশে ‘মেসি মেসি’ স্লোগানে মুখর অভিনেতা মীর সাব্বির, আদনান ফারুক হিল্লোল, সুষমা সরকারও। তাছাড়াও আনন্দে মেতেছেন দীপার সন্তানেরা। বাসার ভেতর এ যেন একখণ্ড গ্যালারি!
গতকাল রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রিয়া। দুই-শূন্য গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে মেসি বাহিনী। সেই বিজয় উল্লাসের একটি ভিডিও ক্লিপ অভিনেত্রী সুষমা সরকার প্রকাশ করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। তাতে এমন উচ্ছ্বাস করতে দেখা যায় দীপা-হিল্লোল-মীর সাব্বিরকে।
দীপা খন্দকার আর্জেন্টিনার সমর্থক। ফুটবল বিশ্বকাপ শুরুর আগে দলটি পছন্দ করার কারণ উল্লেখ করে তিনি বলেছিলেন, “বুঝে না-বুঝে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলা দেখেছি। এবার বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পাব কি না জানি না। তবে যেদিন আর্জেন্টিনার খেলা হবে, অবশ্যই সেই ম্যাচ দেখব।”
দীপা খন্দকার বাসায় আয়োজন করে ফুটবল খেলা দেখে থাকেন। অনেক অতিথি তাদের সঙ্গে যোগ দেন। গতকালও তার ব্যতিক্রম ছিল না। এ বিষয়ে দীপা খন্দকার বলেছিলেন, “বিশ্বকাপ ফুটবল মানেই বিশাল একটা উৎসব। কারণ এসময়ে বাসায় অনেক গেস্ট আসে। ফলে সবাই মিলে আয়োজন করে একসঙ্গে খেলা দেখে থাকি। এটা খুব ভালো লাগে।”
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। আর অস্ট্রিয়ার বিপক্ষে সেই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। সুযোগ এসেছিল খুব দ্রুতই। ম্যাচের তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
বিশ্ব গ্যালারিও প্রস্তুত ছিল ইতিহাস দেখার জন্য। কিন্তু ভাগ্য মেসির পক্ষে ছিল না। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তবে ম্যাচের ৩৮ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে। সঙ্গে সঙ্গেই ভেঙে যায় ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার নাম একটাই—লিওনেল মেসি। তার গোলসংখ্যা ১৭, আর ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।