কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে পাঠানহাট, কৈলাশকুটি, বোতলারপাড়, নাফাডাঙাসহ বিল ও নদীর বিভিন্ন এলাকায় কয়েকটি টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীজুড়ে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে মোট ৩৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে নদী ও বিলে অবৈধ রিং জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিলেন। এতে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং জলাশয়ের স্বাভাবিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, “আমরা গরিব মানুষ। একদিন মাছ ধরতে না পারলে সংসার চালানো কষ্ট হয়ে যায়। কিন্তু কিছু লোক নদীতে রিং জাল বসিয়ে পুরো এলাকা দখল করে রাখে। এতে আমরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারি না।”
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, “প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা এবং জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
