ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গুজব—বিনোদন জগতের জন্য নতুন কিছু নয়। তবে এবার সেই গুজবের কেন্দ্রবিন্দুতে ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি।
সম্প্রতি ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে তার নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ হিসেবে বিভিন্ন সংবাদ ও অনলাইন পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন এই অভিনেত্রী। তার দাবি, পুরো ঘটনাটিই বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
গতকাল এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্টভাবে নাকচ করেন ববি। তিনি জানান, মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো বৈধ দাম্পত্য সম্পর্ক নেই এবং তাকে জড়িয়ে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা।
বিয়ের দাবি নিয়ে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো আইনি সম্পর্ক প্রমাণ করতে পারে, তবে তিনি তা মেনে নিতে প্রস্তুত।