গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে শনিবার সকালে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
শনিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, মিলাদ মাহফিলে অংশ নিতে আসা শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত ব্যক্তি যোগ দিয়ে কারখানায় প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
শ্রমিকদের দাবি, পুলিশি হস্তক্ষেপে কয়েকজন আহত হয়েছেন। তবে তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রকৃত শ্রমিকদের চেয়ে বহিরাগতদের সম্পৃক্ততা বেশি ছিল।
শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, শ্রমিকদের উপস্থিতির কারণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও শিল্প পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বহিরাগতদের উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান গর্ভবতী শ্রমিক লিজা আক্তার (৩৬)। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় মোট এক হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
