সারা দেশের ন্যায় মাগুরার মহম্মদপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) সকালে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং স্বাস্থ্য বিভাগ, মহম্মদপুর, মাগুরা বাস্তবায়িত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান।
এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং ক্যাম্পেইন সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শাহ আমানত মিঠু উপজেলা প্রতিনিধি মহম্মদপুর মাগুরা।
