বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এখন সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় আর নানা প্রতিশ্রুতিতে মুখর পুরো চলচ্চিত্রপাড়া। এবারের নির্বাচনে প্রথমবারের মতো কার্যকরী পরিষদ সদস্য পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা।
নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা, প্রত্যাশা এবং নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বারবারই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
শিরিন শিলা বলেন, জীবনে প্রথমবার কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে জয়-পরাজয়ের হিসাবের চেয়ে তার মধ্যে কাজ করছে এক ধরনের অজানা শঙ্কা ও উদ্বেগ। তিনি বলেন, ‘জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছি। সত্যি বলতে খুব ভয় করছে। আজকে ১ তারিখ হয়ে গেছে। আর মাত্র একদিন পর নির্বাচন। যত সময় ঘনিয়ে আসছে, ততই নার্ভাস লাগছে। আমি আসলে নির্বাচন নিয়ে অনেক ভয় পাই। আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তাই সবকিছুই আমার কাছে নতুন অভিজ্ঞতা।’
তিনি জানান, চলচ্চিত্রাঙ্গনে এতদিন তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই কাজ করেছেন। নির্বাচন সেই সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলুক, সেটা তিনি চান না।
শিরিন শিলার ভাষায়, ‘আমি যখন নিরপেক্ষ থাকি, তখন সবার ভালোবাসা পাই। মানুষ হিসেবে সবসময় চেষ্টা করেছি যার প্রয়োজন, তার পাশে দাঁড়াতে। যতটুকু পেরেছি মানুষকে সহযোগিতা করেছি। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা যেন কোনোভাবেই কমে না যায়, সেটাই চাই।’