যশোরের বাঘারপাড়া উপজেলার পুনিহার গ্রামে এক ব্যক্তির ওপর রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিমুল হোসেন নামে এক ব্যক্তি এবং তার কোলে থাকা ছয় বছর বয়সী কন্যাশিশু তাসনিম। আহত শিমুলকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শিমুল হোসেনের স্ত্রী মোছাঃ লিমা খাতুন জানান, গত ১ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার স্বামী শিমুল হোসেন কন্যা তাসনিমকে কোলে নিয়ে অন্তরামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছোট ভাই জিহাদ হাসানও ছিলেন।
অভিযোগে বলা হয়, পুনিহার বিদ্যুৎ অফিসের পাওয়ার হাউসের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত একই এলাকার মেহেদী, হাদিউর ও সোয়াইবের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তারা পাওয়ার হাউস থেকে লোহার রড এনে শিমুল হোসেনের ওপর হামলা চালান।
লিখিত অভিযোগ অনুযায়ী, মেহেদী প্রথমে শিমুল হোসেনের মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে হাদিউর মাথার পেছনে আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে অপর অভিযুক্তরা শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় শিমুল হোসেনের কোলে থাকা শিশু তাসনিমও আঘাতপ্রাপ্ত হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর থেকে শিশুটি শ্বাসকষ্টে ভুগছে।
শিমুল হোসেন ও তার সঙ্গে থাকা জিহাদ হাসানের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত শিমুল হোসেনকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহ জালাল আলম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
