গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর কারানির্যাতিত ঐক্য ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাভোগ ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার সিসিডিবি ক্লাইমেট সেন্টারের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা ও পৌর কারানির্যাতিত ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় এবং মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের সভাপতি আলহাজ্ব আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বিগত সময়ে রাজনৈতিক মতাদর্শের কারণে যারা কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ ও সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে থাকবে। গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন মৃধা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার দাবি করেন, তার বিরুদ্ধে মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে বর্তমানে ১৩টি মামলা চলমান রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময়ে তিনি মোট ১৮০ দিন কারাগারে ছিলেন। আবেগঘন কণ্ঠে তিনি জানান, দ্বিতীয়বার কারাবন্দি থাকার সময় তার কন্যা সন্তানের জন্ম হয় এবং কারামুক্তির পর প্রথমবার তিনি সন্তানের মুখ দেখেন।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাকে একাধিক মামলায় আসামি করা হয় এবং তার পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন।
শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ বলেন, তিনি সাতটি মামলায় প্রায় ২০০ দিন কারাভোগ করেছেন। তিনি অভিযোগ করেন, আটক অবস্থায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। পরিবারের সদস্যদের সামনেও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার অভিযোগ করেন, তাকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কারানির্যাতিত নেতাকর্মীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
