বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হলে আগামী ১০ বছরে দেশে কোনো অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে না বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ব্যাট, ড্রাম সেট, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও ঢাকায় তাঁর নিজস্ব কোনো বাড়ি নেই। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তিনি একটি মানবিক রাষ্ট্র গড়তে চান, যেখানে কোনো ভেদাভেদ, বৈষম্য বা হিংসা-বিদ্বেষ থাকবে না। সবাই সবার প্রতি সহনশীল থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যার সুফল জনগণ ইতোমধ্যে পাচ্ছেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
