মাদককে না বলি—মাদক মুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৩ জুলাই, ২০২৬) বিকেল ৪টায় পাকুন্দিয়া পৌরসভার পূর্ব লক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। পাকুন্দিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডবাসী এই ব্যতিক্রমী ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন। তিনি মাদক ব্যবসায়ী ও সেবীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
হয় মাদক ছাড়বে, না হয় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা ছাড়বে। মাদকের সাথে কোনো আপস নেই।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রূপম দাস। তিনি তার বক্তব্যে একটি মানবিক ও পুনর্বাসনমুখী প্রস্তাব দিয়ে বলেন,
মাদক ছেড়ে যদি কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে স্ট্যাম্পে সই রেখে তার জন্য সহজ শর্তে লোনের (ঋণ) ব্যবস্থা করা হবে, যাতে সে নতুন করে বাঁচতে পারে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস এম আরিফুর রহমান। ওসি তার বক্তব্যে অপরাধীদের কড়া বার্তা দিয়ে বলেন,
কোনো মাদকসেবী বা ব্যবসায়ী যদি মাটির নিচে গিয়েও লুকায়, সেখান থেকেও তাকে ধরে আনা হবে। তাই সাবধান হয়ে যাও, এটাই তোমাদের জন্য শেষ সুযোগ।"
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মো: আতিকুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক জনাব ভি পি কামাল উদ্দিন এবং পাকুন্দিয়া পৌরসভার সভাপতি জনাব এস এম মিনহাজ উদ্দিন।
পাকুন্দিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সিদ্দিক হোসেন রিপনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম। এরপর মাদকবিরোধী সচেতনতা নিয়ে ও এলাকার সমস্যা নিয়ে বক্তব্য রাখেন— জনাব মো: শাহান শাহ, জনাব মো: শাহিন আলম, জনাব মো: সিদ্দিক হোসেন রিপন,সাবেক প্যানেল মেয়র রাজনৈতিক নেতাদের মধ্য থেকে জনাব মো: আতিকুর রহমান মাসুদ যুগ্ন আহবায়ক জনাব মো : ভি পি কামাল উদ্দিন যুগ্ন আহবায়ক,জনাব এস এম মিনহাজ উদ্দিন পৌরসভাপতি ।
প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই সফল আলোচনা সভার সমাপ্তি ঘটে। এলাকার সর্বস্তরের জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:মো: বেজুয়ানুল হক |
