৪ জুলাই ২০২৬ : “নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গঠনে জনসচেতনতা বৃদ্ধি করা।
রাজধানীর শান্তিনগর এলাকায় অঞ্চল-১ ও ২-এর যৌথ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা শুধুমাত্র সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়; এ কাজে নাগরিকদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।
তিনি আরও বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে শহর যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি খাল ও ড্রেন সচল থাকায় জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে। পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, ডিএসসিসি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক উদ্যোগ আরও জোরদার করবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকর করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স এবং নগরবাসীকে নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সামাজিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সচিব মো. জয়নুল আবেদীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সর্বস্তরের নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নগরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এস এম আশরাফী বুলবুল
