সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি থানা চত্বরে রবিবার (৫ জুলাই ২০২৬) জেলা পুলিশের আয়োজনে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ, আলোচনা ্সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইমাম-মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের উপজেলা সভাপতি মাওলানা মাহমুদউল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায় এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি জয় শংকর শাহা।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পরে একটি বর্ণাঢ্য সম্প্রীতি র্যালি বেলকুচি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে দেশ, জাতি এবং সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
