ইতালির ভেনিসে আর আই সি একাডেমির আয়োজনে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি হলে এডুকেশন সেন্টার উদ্বোধন এবং অফলাইন ক্লাস বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আর আই সি সল্যুশনের পরিচালক, নুরুজ্জামান। উদ্বোধনী বক্তব্য রাখেন, আর আই সি একাডেমীর পরিচালক ড. ঋতু মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ সেলিম, পলাশ রহমান, তানভীরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মারুফা, আরাফ এলেনা, প্রমূখ।
দেড় শতা ধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ডক্টর ঋতু মিয়া বলেন, আর আই সি একাডেমি দীর্ঘ ৯ বছর যাবত অভিবাসী বাংলাদেশীদের ইতালিয়ান ভাষা শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। এতদিন এ কার্যক্রম শুধু অনলাইনে পরিচালিত হলেও সম্প্রতি ভেনিসে বসবাসকারী অভিবাসীদের জন্য অফলাইনে ভাষা শিক্ষা, সার্টিফিকেট প্রদান এবং ড্রাইভিং কোর্স শুরু করা হয়েছে। এসব কার্যক্রম প্রাতিষ্ঠানিক ভাবে পরিচালনার জন্য আর আই সি একাডেমী নতুন একটি এডুকেশন সেন্টার উদ্বোধন করছে।
ডক্টর ঋতু মিয়া ভেনিসের রাজনীতিতে অত্যন্ত পরিচিত একজন মুখ। তিনি স্থানীয় নির্বাচনে ইতালির প্রধান বিরোধী দল পিডি থেকে সিটি কাউন্সিলর পদে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। তিনি দীর্ঘদিন অভিবাসীদের ইতালীয় ভাষা শিক্ষাসহ নানা প্রকারের সামাজিক কার্যক্রমের সাথে জড়িয়ে আছেন। ঋতু মিয়া ভেনিস বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন।
তিনি বলেন, ইন্টিগ্রেশন মানে বৈচিত্রকে ধারণ করা। কারো নিজস্ব সংস্কৃতি বা ধর্মকে গলা টিপে হত্যা করা নয়। কারো নিজস্বতা বিলীন করে, নিজের সংস্কৃতিতে অভ্যস্ত করার নাম ইন্টিগ্রেশন নয়। সুতরাং এগুলো সঠিকভাবে বুঝতে হলে এবং নিজেদের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হলে ইতালিয় ভাষা জানা অত্যন্ত প্রয়োজন।অনুষ্ঠান শেষে আর আই সি একাডেমি থেকে ভাষা পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।উল্লেখ্য, আর আই সি একাডেমি ইতালির ভেনিসে দীর্ঘ ৯ বছর যাবত অভিবাসীদের ইতালীয় ভাষা শিক্ষা দিয়ে আসছে।
শরিফুল ইসলাম টগর
