কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. শাহজাহান মিয়ার উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) বুরুদিয়া ইউনিয়নের নিজ গ্রাম উত্তর কাগারচর ১৩৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির পিটিএ সভাপতি জনাব মো. আফাজ উদ্দিন ও প্রধান শিক্ষক জনাব মো. আবুল কালাম।
কর্মসূচির শুরুতে প্রধান শিক্ষক মো. আবুল কালাম বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল হকসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আমিনুল হক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে গাছ রোপণ করার নির্দেশনা রয়েছে। শিক্ষকরা প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও এই কার্যক্রমের খোঁজখবর রাখবেন। চেয়ারম্যান সাহেবের এই চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি সকল শিক্ষার্থীর জন্য চারা গাছের ব্যবস্থা করা যায়, তবে এই কর্মসূচি আরও বেগবান হবে।"
উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে বুরুদিয়া ইউপি চেয়ারম্যান জনাব মো. শাহজাহান মিয়া বলেন, "আমাদের অভিভাবক, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মহোদয় দেশের সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে পাকুন্দিয়া ও কটিয়াদীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরই অনুপ্রেরণায় আমি আমার বুরুদিয়া ইউনিয়নে বৃক্ষরোপণসহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।
ইউনিয়নবাসীর কল্যাণে এবং সবুজ বুরুদিয়া গড়তে আমি এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।" তিনি এই সামাজিক উদ্যোগকে সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাবা শিরিনা আক্তার, জনাবা রোকেয়া আক্তার, জনাবা পান্না বেগম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যথাক্রমে জনাব মোজাম্মেল মুন্সি, জনাব কাওসার ভূঁইয়া, জনাব ফরিদ মিয়া, জনাব আলাউদ্দিনসহ বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রতিবেদক :মো : রেজুয়ানুল পাকুন্দিয়া ।
