পূর্ণিমা ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ফটিকছড়িতে। তাঁর প্রকৃত নাম দিলারা হানিফ পূর্ণিমা। পরিবারে ভালোবাসার নাম রীতা।
নব্বই দশকের শেষ থেকে শুরু করে আজ পর্যন্ত পূর্ণিমা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক নির্ভরযোগ্য ও সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শাবনূর ও মৌসুমীর পর তিনিই ছিলেন যিনি সুস্থ ধারার সিনেমায় তার অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
অভিনয় জীবন শুরু করেছিলেন ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে।
তবে পূর্ণিমার নায়িকা হিসেবে অভিষেক ঘটে ১৯৯৮ সালে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।
প্রথম ছবিতে সফলতার দেখা না মিললেও পরবর্তীতে একে একে তিনি অভিনয় করেছেন অনেক জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রে।
উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে:
মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, প্রেমের নাম বেদনা, ছোট্ট একটু ভালোবাসা, মেঘের পরে মেঘ, শাস্তি, শুভা, আকাশ ছোঁয়া ভালোবাসা, মায়ের জন্য পাগল, পিতামাতার আমানত, মাটির ঠিকানা, সবাই তো ভালোবাসা চায়, সাথী তুমি কার প্রভৃতি।
২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার–এ সেরা অভিনেত্রীর সম্মান।
পূর্ণিমার প্রতিভা কেবল বড় পর্দায় সীমাবদ্ধ ছিল না, ছোট পর্দা ও বিজ্ঞাপনেও সমান সফলতা অর্জন করেছেন।
২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে অনুষ্ঠানে তিনি ছিলেন একজন জনপ্রিয় বিচারক।
ব্যক্তিগত জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তাদের কন্যাসন্তান আরশিয়া উমায়জা জন্ম নেয় ২০১৪ সালের ১৩ এপ্রিল।
পূর্ণিমার পিতার নাম মোঃ হানিফ, মাতার নাম সুফিয়া খাতুন এবং একমাত্র বোনের নাম রেখা।
অভিনয়, সৌন্দর্য, সততা ও ব্যক্তিত্বের অপূর্ব মেলবন্ধন এই মানুষটির জন্য রইলো অফুরন্ত শুভকামনা।
জন্মদিনে এই তারকা অভিনেত্রীর প্রতি রইলো অভিনন্দন ও ভালোবাসা।
শুভ হোক পূর্ণিমার আগামীর পথচলা।