গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকায় ঝোপের ভেতর থেকে ১২ দিন ধরে নিখোঁজ থাকা শামসুল হক (৮০)-এর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্থানীয়রা কঙ্কালের পাশে থাকা পাঞ্জাবি দেখে স্বজনদের খবর দিলে তারা জামাকাপড়ের মাধ্যমে মরদেহটি শনাক্ত করেন। নিখোঁজ হওয়ার দিনই শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
নিহতের জামাতা জাকির হোসেন বলেন, "অনেক খোঁজাখুঁজির পরও শ্বশুরের সন্ধান পাইনি। আজ বাড়ির কাছেই তার কঙ্কাল পাওয়া গেল। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।"
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
