দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১১টায় শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর পায়রা অবমুক্ত, বেলুন ও ফেস্টুন উড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও স্টাডি সেন্টারের উদ্বোধন এবং কেক কাটার মাধ্যমে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।
পরে বেলা ১২ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠান। সেখানে প্রামাণ্যচিত্র প্রদর্শন, অতিথিদের বক্তব্য এবং প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আমগাছের চারা উপহার দিয়ে বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষানুরাগী ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং একটি আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় নওগাঁ বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
