প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা। গত ১২ জুলাই, আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে মামলাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তানজিন তিশা। তিনি বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলিনি।”
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচার এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।
এ মামলার বিষয়ে তানজিন তিশা বলেন, “আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। পাঁচ-ছয় দিনের মধ্যেই আমার নামে মামলা হয়ে যায়। অনেক সময় কেউ ওপরে উঠতে চাইলে কিছু মানুষ পেছন থেকে টেনে ধরতে চায়। আমার ক্ষেত্রেও তেমনটাই মনে হয়েছে।”