কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করার দায়ে সজিব (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজিব ওই গ্রামের কাঞ্চন ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি জানান, সজিব দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল এবং প্রায়শই তার বাবা-মাকে মারধর করত। এছাড়া মাদকের টাকার জন্য সে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসছিল। পরিবারের পক্ষ থেকে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সজিবকে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সজিবকে এই দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস জানান, মাদক সেবন করে বাবা-মাকে মারধর করা এবং জনশৃঙ্খলা নষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: মো. রেজুয়ানুল হক
