কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সাবলীল যুক্তি উপস্থাপন করে।
প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয় হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়। যুক্তিতর্ক শেষে আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী সুপ্রিয়া প্রতিযোগিতার ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন। বিজয়ী দলটি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুন্নাহার।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি। অনুষ্ঠানটির মডারেটর ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের শৈশব থেকেই সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
