চাঁদপুরের ফরিদগঞ্জে ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রশাসন গ্রামের প্রবাসী মনির সর্দারের ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি (টপসয়েল) কেটে নিচ্ছে যাচ্ছে একই এলাকার প্রভাবশালী ও ইটভাটার মালিক হাবিবুর রহমান সুমন। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এমনভাবে মাটি কেটে নেয়ার কারণে ওই ফসলি জমি এখন ডোবায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে।এমন পরিস্থিতিতে হাবিবুর রহমান সুমনের লোকজনদের বাধা দিলে তারা মারমুখী হয়ে উঠে। এতে প্রথমে প্রবাসী মনির সর্দারের ছেলে ওমর ফারুক সিয়াম উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দেন। তদন্ত করে ঘটনার সত্যাতা পেয়ে মাটি কাটা কাজে ব্যবহৃত ভেকু মেশিন বন্ধ করার নির্দেশ দেয়া হয়। কিন্তু তাতে আরো বেপরোয়া হয়ে উঠে ইটভাটার মালিক সুমনের লোকজন।
