সংগীতের জোয়ারে ভেসে যাচ্ছে ঢাকা। আগামী ২৪ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত তথা নয় দিনে ঢাকায় হতে যাচ্ছে ছয়টি কনসার্ট। যেখানে সংগীত পরিবেশন করবেন দেশ-বিদেশের বড় তারকারা। কারা কারা থাকছেন এই কনসার্টগুলোতে।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটি রাজধানীর ৩০০ ফিট–সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ২৪ জুলাই। আতিফ আসলাম ছাড়াও গাইবে দেশের আলোচিত দুই ব্যান্ড-মেঘদল ও লেভেল ফাইভ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে।
রুনা লায়লা: সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান
২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। পরে তিনি তাঁর পছন্দের ১০টি গান পরিবেশন করবেন।
মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং
তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠা সংগীতশিল্পী ভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা ৩০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে গান গাইবেন। টিকিটের মূল্য দুই হাজার টাকা।
দুই ট্রিবিউট কনসার্ট
৩১ জুলাই ঢাকায় হবে দুটি ট্রিবিউট কনসার্ট। মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ কনসার্টের আয়োজন করছে ওয়ারফেজ। ৩১ জুলাই ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ কনসার্টটি হবে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।
একই দিনে রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’। কনসার্টে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র।
‘ওয়ান ট্রু সাউন্ড’
জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে তাঁর ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটির আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এখনো টিকিটের দাম প্রকাশ করেননি আয়োজকেরা।