২৬ জুলাই: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন। আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কটিয়াদীতে বিরাজ করছে উৎসবের আমেজ।
আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সরকারের দুই প্রতিমন্ত্রী — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম — কটিয়াদীতে অনুষ্ঠানের সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।
এ সময় তারা কটিয়াদী উপজেলার আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স, বেতালের ডোবা (জলাশয়), কটিয়াদী কলেজ মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা খেলার মাঠ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাদের সাথে ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আশফাক আহমেদ জুন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফর শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "কটিয়াদীতে প্রথমবারের মতো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীর সফর এই এলাকার মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, "প্রধানমন্ত্রীর সফর কিশোরগঞ্জবাসীর জন্য একটি বড় উপহার। এই উপলক্ষে আমরা সব ধরণের প্রস্তুতি নিচ্ছি।"
কটিয়াদীবাসী প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস, প্রধানমন্ত্রীর সফর এই এলাকার সার্বিক উন্নয়নে গতি আনবে।
কটিয়াদী (কিশোরগঞ্জ)মো : রেজুয়ানুল হক,
