চারপাশে মনভরা সন্দেহ, অসন্তুষ্টি আর চরম স্বার্থপরতা। ভালো খবরে কারো গর্ব হয় না, বরং অন্যের সমালোচনা আর মন্দ খবর নিয়ে মেতে থাকাতেই যেন পরমানন্দ! আমাদের এমন সংকীর্ণ মানসিকতা নিয়ে দেশের কপালে ভালো কিছু জুটবে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ ও আবেগী স্ট্যাটাসে এমনই প্রশ্ন তুলেছেন দেশের বরেণ্য অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আফজাল হোসেন লেখেন, ‘‘আমাদের কী হবে? মন ভর্তি সন্দেহ, অসন্তুষ্টি, স্বার্থপরতা, অপরকে খাটো করে দেখার প্রবণতা আর অতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে নিজ বা দেশের ভালো চাইলে, কপালে কখনোই কি ভালো জুটবে। ভালো কিছুতে আমরা সম্মানিতবোধ করি না। কোনো ভালো খবর আমাদের গর্বিত করে না। আমরা আগ্রহী মন্দ খবর শুনতে, দেখতে এবং পরমানন্দে সেই মন্দ নিয়ে রসিয়ে রসিয়ে গল্প করতে।’’
সমাজের বর্তমান বিচারকসুলভ মানসিকতাকে কটাক্ষ করে আফজাল হোসেন লেখেন, “পরনিন্দা, সমালোচনা আমাদেরকে উজ্জীবিত রাখে। অবিশ্বাসে মনে সুখ পাই। গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য সগৌরবে অসভ্যতা করি। অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয়। হাবভাব দেখে মনে হয়, মায়ের পেট থেকে অনেকেই বিচারক বনে বেরিয়েছি। দেশের যেকোনো ঘটনা বা মানুষের বিচার করতে আমরা সদাপ্রস্তুত।”