জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে মানসম্মত প্রতিবেদন তৈরির লক্ষ্যে নওগাঁয় সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় ২৬ ও ২৭ জুলাই নওগাঁ শহরের আয়োজন রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার ২০ জন সংবাদকর্মী ও ৫ জন কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবুজার, নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিরুজ্জামান এবং ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন।
প্রশিক্ষণে মানবাধিকার ও পরিবেশগত মানবাধিকার, নওগাঁর পরিবেশগত সমস্যা ও উত্তরণের উপায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরির কৌশল, পরিবেশ বিষয়ক সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সাংবাদিকতার আইন ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রশিক্ষণে ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এবং এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম কো-ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
