কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে দিনব্যাপী স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ স্কাউটস পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অর্ধশত শিক্ষক অংশ নেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা) গাজী খালেদ মাহমুদ এবং পৌর বিএনপির সভাপতি এস. এ. এম. মিনহাজ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন:
"শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করা সম্ভব।"
তিনি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে স্কাউটিংয়ের মতো চরিত্র গঠনমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন শাহীন, আবদুল্লাহ আল মাসুম, মো. সাইফুদ্দিন এবং মো. নজরুল ইসলাম।
প্রতিবেদক মো : রেজুয়ানুল হক .
