মাগুরা জেলা পুলিশের জুয়া বিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) মাগুরা সদর থানাধীন ভায়নার মোড় এলাকার সৈকত আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) তৌফিক আনাম সঙ্গীয় ফোর্সসহ সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে স্বাধীন (২৫), ইসমাইল হোসেন (২২), মোঃ তানভীর ওরফে প্রিন্স (২২) এবং মিঠুন শিকদার (২১)-কে আটক করা হয়। তারা সবাই মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ব্যবহৃত সিমকার্ড এবং CV666, BDT88, CK44, TK11 ও KKFB-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৬ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
