বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কয়েকজন যুবক মাদকসেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিল। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা খোরশেদ নামের এক ব্যক্তিকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন।
খবর পেয়ে শাজাহানপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে অভিযুক্ত দোষ স্বীকার করলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এলাকাবাসী এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকলে চোপিনগরসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
-1785395105.jpg)