মাদারীপুরের শিবচরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নজরুল ইসলাম, শিবচর উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আল আমিন এবং সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী হিমেল, ফাহিম ও আকাশসহ অনেকে।
