উৎসবমুখর পরিবেশে মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদের সভাপতি ও সাংবাদিক এম এ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির এবং সদস্য সচিব এম ফেরদৌস রেজা।
স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুকুমার পাল।
আলোচনা সভা শেষে ২০২৫ শিক্ষাবর্ষে সংগীত, চিত্রাঙ্কন ও নৃত্য বিভাগে উত্তীর্ণ ৮৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিশ্রুতিশীল শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে জেলা অডিটোরিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
