কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর জাহেদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকতকে (১ নম্বর আসামি) গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে একটি চৌকস দল গাজীপুরের শ্রীপুর মডেল থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা প্রধান আসামি লিয়াকতকে গত ৩০ জুলাই দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উমর মজিদ ইউনিয়নে একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটে। এতে জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫) গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় লিয়াকতকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
রাজারহাট থানা পুলিশ জানায়, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছিল। অবশেষে শ্রীপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর থেকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়েছে।
পুলিশ আরও জানায়, আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং মামলার স্বার্থে রিমান্ডের আবেদন করা হয়েছে।
রাজারহাট থানা পুলিশের দাবি, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
