মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে বিনোদপুর বাজারের মেসার্স লিবার্টি মেডিকেল হল নামের ফার্মেসিতে বিভিন্ন অসংগতি পাওয়া যায়। তাপ সংবেদনশীল ওষুধ—যেমন বিভিন্ন ভ্যাকসিন ও ইনসুলিন—২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটিতে তা যথাযথভাবে মানা হয়নি। এছাড়া অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মেসার্স খাজুরা স্টোর-কে পূর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে আইনের ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিম্নমানের ও অননুমোদিত পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়।
পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে ভোক্তা অধিকারবিরোধী ও আইন অমান্যকারী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
