মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত লাঙ্গলবাঁধ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া ফ্রিজ ও র্যাকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিনসহ বিভিন্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের জন্য রাখা অবস্থায় পাওয়া যায়। ফার্মেসিতে কোনো ফার্মাসিস্ট না থাকা এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মহিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
অপরদিকে, মেসার্স পপুলার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ও অন্যান্য ওষুধ ফ্রিজ ও র্যাকে সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সজীব মন্ডলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা কৃষি বিপণন অফিসের মো: আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
