মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলা পরিষদের অর্থায়নে জেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। জেলার চার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৬ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।
শনিবার দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদ মাগুরার আয়োজনে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ মাগুরার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
অনুষ্ঠানে জেলার চার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৬ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। এ বাবদ মোট ১৪ লাখ ৩০ হাজার টাকা বিতরণের কথা উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র এবং মন্ত্রীর অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেকও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মানুষের নিরাপত্তা ছিল না। মানুষের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে মানুষের অধিকার ও নিরাপত্তা সমুন্নত রেখেছে।
তিনি বলেন, হতদরিদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে খাল খনন, মসজিদ-মন্দিরের উন্নয়ন এবং বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা প্রদানের কার্যক্রমও চলছে।
মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষাবৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। শিক্ষার্থীরা এ সহায়তা তাদের পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।