মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য ‘কল্যাণধারা’ নামে বিশুদ্ধ পানি সরবরাহ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ পানি সরবরাহ প্লান্ট থেকে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী পিপুল, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির, অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হাইসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ‘কল্যাণধারা’ বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা হাসপাতালের রোগী ও স্বজনদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।