দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য অভিনেত্রী শবনম। দীর্ঘ অভিনয়জীবনে ঢাকার চলচ্চিত্রের পাশাপাশি তৎকালীন পাকিস্তানের সিনেমায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। অভিনয়গুণে দুই বাংলার পাশাপাশি পাকিস্তানের দর্শকের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই নন্দিত অভিনেত্রী।
আজ সোমবার (১৭ আগস্ট) শবনমের জন্মদিন। ১৯৪৬ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী জীবনের ৮১তম বছরে পা রাখলেন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশকের শেষভাগ পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেন শবনম।
তার অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’। সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছে শবনম ‘আম্মাজান’ নামেই আরও বেশি পরিচিতি পান। তবে এই সিনেমার পর আর কোনো চলচ্চিত্রের শুটিংয়ে দেখা যায়নি তাকে।
‘আম্মাজান’র পর কেন আর অভিনয়ে ফেরেননি শবনম-এমন প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে নিজের অভিমান ও ক্ষোভের কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি।
শবনম বলেছিলেন, ‘মাঝে অনেক দিন দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর যা কিছু পেয়েছি, যা দেখেছি, তা নিয়ে মুখ খুলতে চাই না। এর মধ্যে কোনো একদিন শুনবেন, আমি মরে গেছি। তখন এফডিসির লোকজন অস্থির হয়ে উঠবে, সেখানে নিয়ে যাওয়ার জন্য। আমি তো আমার ছেলেকে স্পষ্ট বলে দিয়েছি, আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়।’