মোঃ রাকিবুল হাসান গলাচিপা
পটুয়াখালীর গলাচিপায় জেলা পরিষদের উদ্যোগে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ২ টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক জনাব স্নেহাংশু সরকার (কুট্টু)। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মো. কামরুল হাসান সোহেল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, এসব চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
জেলা পরিষদের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।#
গলাচিপা,পটুয়াখালী।
মো: রাকিবুল হাসান