গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইডিটির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুব জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সুন্দরগঞ্জ থানায় জিডি করেন জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মো. আবুল হোসাইনের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে ফেসবুক ব্যবহারের সময় ‘খালেকুজ্জামান চৌধুরী রাজা’ নামে একটি আইডিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি ও পোস্ট শেয়ার করতে দেখেন তিনি। একই আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পোস্টে আপত্তিকর মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জিডিতে বলা হয়, এসব পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নথিভুক্ত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জিডির বিষয়ে আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ বলেন, ‘ফেসবুকে একটি আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও ছবি প্রকাশ করা হচ্ছে। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আইডিটি কার এবং কারা এসব পোস্ট করছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘ফেসবুক আইডি নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা প্রতিনিধি
