মো. রুবেল হোসেন, বাউফল প্রতিনিধি
বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতী সন্তান হাফেজ নূরুদ্দিন জাকারিয়া। তাঁর এই অসামান্য সাফল্যে গর্বিত বাউফলবাসী। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করেছে ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৬টায় ঢাকার ২০৪ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (৮৯ বিজয়নগর)-এ সমিতির স্থায়ী কার্যালয়ে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল আলম দুলাল।
পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এই গৌরবময় সাফল্য অর্জন করেন হাফেজ নূরুদ্দিন জাকারিয়া। তিনি বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের কৃতী সন্তান। বর্তমানে তিনি ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।
আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নিজের অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেন হাফেজ জাকারিয়া।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতি আনোয়ারুল আলম দুলাল বলেন, “হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এই অর্জন শুধু তাঁর পরিবার কিংবা বাউফলের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে হাফেজ জাকারিয়া দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।
এ সময় ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।