দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কল্যাণ তহবিলের আওতায় দুঃস্থ, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী, অসহায় মানুষ ও জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন বালিকা শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে ১০৬ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৯৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন রোগী এবং ৬৪ জন অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন বালিকা শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে স্থানীয় জেলা সমাজসেবার উপপরিচালক আব্দুল মতিন, নবাবগঞ্জ-বিরামপুর সহকারী পুলিশ সুপার হারেজ আলী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) ডাঃ মোঃ জাভেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা বিএনপির সভাপতি শামিম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো: রাফছানজানী শুভ
ঘোড়াঘাট, দিনাজপুর।