সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মৌচাকে গণসমাবেশ
সুন্দর, নিরাপদ ও সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের উত্তর মৌচাক এলাকায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ গণসমাবেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মোল্লা, সদস্য সচিব, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. এমারত সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার আনোয়ার, যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এ সময় বক্তব্য রাখেন মো. ওমর ফারুক, সভাপতি, মৌচাক ইউনিয়ন শ্রমিক দল; আসকর আলী মন্ডল, যুবদল, কালিয়াকৈর উপজেলা; মঈনুল ইসলাম সোহাগ, আহ্বায়ক, তাতীদল, কালিয়াকৈর উপজেলা; মো. আবদুল ওহাব মিয়া, কালিয়াকৈর উপজেলা যুবদল নেতা এবং জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি।
বক্তারা বলেন, একটি সুন্দর সমাজ গঠনের জন্য মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা ও পেশাগত কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা যেন ভয়ভীতি ছাড়াই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন—এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
গণসমাবেশে উত্তর মৌচাক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মো: শাহ আলম
গাজীপুর প্রতিনিধি।
