মীর কাশেম আজাদ, কক্সবাজার
গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে স্পেশাল পালং সার্ভিস নামের পরিবহন থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ সময় গাড়িটির চালক ও হেলপারকে আটক করা হয়।আটককৃতরা হলেন গাড়ির চালক আখতার হোসেন ও হেলপার ইয়াসিন আরাফাত।
রোববার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের লিংকরোড এলাকার বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনের কক্সবাজার - টেকনাফ সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানায়, উখিয়া থেকে কক্সবাজার শহরের দিকে আসা স্পেশাল পালং সার্ভিসের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।