‘বরবাদ’-এর সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এরই মধ্যে সিনেমাটি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
গুঞ্জন উঠেছে, আসন্ন ‘নিঃস্ব’ সিনেমায় শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারেন ডায়নামিক অভিনেতা নাসির উদ্দিন খান।
তবে নাসির উদ্দিন খানকে সিনেমাটিতে নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। সিনেমাটির কাস্টিং নিয়ে প্রাথমিকভাবে ভাবনা থাকলেও শুটিংয়ের আগে কোনো শিল্পীর নাম চূড়ান্তভাবে জানানো হবে না বলে জানিয়েছেন তিনি।
প্রযোজক বলেন, ‘এখনো কোনো কিছু কনফার্ম হয়নি। মানে আমরা তো ভাবনার জায়গা থেকে অনেক কিছুই ভাবি কাস্টিং নিয়ে। এখন পর্যন্ত কনফার্ম না। গল্পের প্রয়োজনে আমাদের কাস্টিং রাখা হয়। চূড়ান্ত শিল্পীর তালিকা শুটিংয়ের সময় জানাব।’
প্রাথমিকভাবে নভেম্বরে সিনেমাটির শুটিং শুরুর কথা শোনা গেলেও প্রযোজক জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘নিঃস্ব’। ২০২৭ সালের ঈদুল ফিতরে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এর আগে ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও নাসির উদ্দিন খান। ফলে নতুন সিনেমায় নাসির উদ্দিন যুক্ত হলে ফের একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই দুই অভিনেতাকে।